উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিলেও জুলাই মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকাই বহাল থাকবে। গত মাসেও একই দামে এসব জ্বালানি তেল বিক্রি হয়েছে।মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হলে গত এপ্রিলের মাঝামাঝি দেশে তেলের দাম বাড়ানো হয়। মে মাসে দাম অপরিবর্তিত থাকলেও জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছিল।২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। প্রতি মাসে আগের মাসের আমদানি ব্যয় বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়।সংশ্লিষ্টদের মতে, ২০২২ সালের আগস্টে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর দেশের ইতিহাসে এক দফায় সর্বোচ্চ হারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। আর চলতি বছরের এপ্রিলের মূল্যবৃদ্ধির পর দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় জ্বালানি তেল। উল্লেখ্য, ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্বাহী আদেশে নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অন্যদিকে জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।