উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ফিফা বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, সেই আবহ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অধরা খান মনে করেন, এবারের বিশ্বকাপের শিরোপা জিতবে ব্রাজিল।নিজেকে ব্রাজিলের ‘অন্ধভক্ত’ হিসেবে পরিচয় দিয়ে অধরা বলেন, ছোটবেলা থেকেই তিনি সেলেসাওদের সমর্থন করে আসছেন। তার সবচেয়ে প্রিয় ফুটবলার ব্রাজিলের তারকা নেইমার। তবে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির খেলাও তাকে সমানভাবে মুগ্ধ করে।অধরা বলেন, “আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের ফ্যান। ব্রাজিলের অনেক কিংবদন্তি ফুটবলারের খেলা সরাসরি দেখার সুযোগ হয়নি। তবে পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের গল্প শুনেছি। পরে ইউটিউবে রোনালদো, রোনালদিনহো, কাফুসহ অনেক তারকার খেলা দেখে মুগ্ধ হয়েছি। আর পেলে আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। তাই সবসময়ই আমার সমর্থন ব্রাজিলের প্রতি।”বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যেই নিজেকে ব্রাজিলের রঙে সাজিয়েছেন এই অভিনেত্রী। প্রতিদিনের পোশাকে ব্রাজিলের পতাকার রঙ ব্যবহার করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করছেন।সাম্প্রতিক ম্যাচে ব্রাজিলের জয়ের পর তার উচ্ছ্বাস আরও বেড়ে যায়। সামাজিক মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি দলের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। পাশাপাশি মজার ছলে প্রতিপক্ষ ও আর্জেন্টিনা সমর্থকদেরও খোঁচা দেন।বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা নিয়ে অধরা বলেন, “ব্রাজিল এবার দারুণ ছন্দে আছে। আমার বিশ্বাস, এবার তারাই বিশ্বকাপ জিতবে। দলের আগুন সামনে আরও বড় আকারে জ্বলে উঠবে। নেইমারকেও আমরা আরও ভয়ঙ্কর রূপে দেখতে পাব।”অভিনয় ক্যারিয়ারে ব্যস্ত সময়ক্যারিয়ারের প্রসঙ্গে অধরা জানান, তার অভিনীত ‘গিভ অ্যান্ড টেক’, ‘উন্মাদ’, ‘ঠোকর’, ‘বাটপার’ এবং ‘দ্য রাইটার’ ইতোমধ্যেই দর্শকদের সামনে এসেছে।এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি নতুন সিনেমা— ‘দখিন দুয়ার’, যা পরিচালনা করেছেন সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড এবং ‘ঋতুকামিনী’, যার পরিচালক জাহিদ হোসেন। দুটি ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ এবং ‘সুলতানপুর’।