উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।মঙ্গলবার (৩০ জুন) রায় ঘোষণার আগে সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, এ মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার নির্দেশ দেওয়া এবং আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগ।এর আগে গত ১৪ মে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।মামলার নথি অনুযায়ী, জুলাই-আগস্ট আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় ছয়জন নিহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।পরবর্তীতে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে প্রসিকিউশন তার বিরুদ্ধে আটটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করেন।রায়ের বিস্তারিত পর্যবেক্ষণ এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে আনুষ্ঠানিক নথি প্রকাশের পর আরও তথ্য জানা যাবে।