উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের অনুভূতি ও অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার এক ভিডিও বার্তায় তিনি মেয়েদের উদ্দেশে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছেন—কোনো বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।ভিডিওতে প্রভা বলেন, একজন বিবাহিত পুরুষ যতই সংসারে অশান্তি, স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি কিংবা সন্তানের কারণে সংসার টিকিয়ে রাখার গল্প বলুক না কেন, এসব কথায় বিশ্বাস করা উচিত নয়।তার ভাষায়, "যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। এদের স্ক্রিপ্ট প্রায় একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে জড়িয়ে পড়লে সারাজীবন নিজেকে মাফ করতে পারবে না।"প্রভা জানান, কিছুদিন আগে তিনিও এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। তখন তিনি ওই ব্যক্তিকে স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি সত্যিই সংসার ভাঙার প্রক্রিয়া চলমান থাকে, তাহলে আগে সেটি আইনগতভাবে শেষ করতে হবে। এরপরই ভবিষ্যৎ নিয়ে ভাবা যেতে পারে।তিনি বলেন, "আমি তাকে বলেছি, আগে ডিভোর্সের প্রক্রিয়া শেষ করে আসেন। তারপর ভাবব আমরা একে-অন্যের জন্য মানানসই কিনা। এখন সে লোক আমাকে সাইকো বলে বেড়ায়। আমি তাতে খুশি। অন্তত ওই সংসারে ঢুকিনি।"অভিনেত্রীর মতে, অনেক বিবাহিত পুরুষ সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। তাই তিনি মেয়েদের শুধু প্রেম নয়, এমন ব্যক্তিদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বা বন্ধুত্ব করার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।প্রভার এই ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার বক্তব্যকে বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ এটিকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেওয়া একটি সচেতনতামূলক বার্তা হিসেবে দেখছেন।