উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়।শুক্রবার দেইর আল-বালাহ এলাকার মাঘাজি শরণার্থী শিবিরের প্রবেশমুখে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, নিহতরা সবাই পুলিশ সদস্য ছিলেন এবং দায়িত্ব পালনকালে তাদের বহনকারী গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, “ইসরায়েলি দখলদার বাহিনী বিশ্বাসঘাতকতাপূর্ণভাবে তাদের গাড়িতে বোমা হামলা চালিয়েছে।”নিহত তিন কর্মকর্তার নাম প্রকাশ করেছে মন্ত্রণালয়। তারা হলেন ক্যাপ্টেন মনসুর সামি শাহতুত, ক্যাপ্টেন মোহাম্মদ খালেদ নোফাল এবং ফার্স্ট সার্জেন্ট মাহদি নাদের জাবর।ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মাঘাজি শিবিরের প্রবেশমুখের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধ ড্রোন হামলা চালায়। অন্যদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন থেকে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে গাড়িটিতে আগুন ধরে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায়, সালাহ আল-দিন সড়কে মাঘাজি শিবিরের প্রবেশমুখে হামলার পর একটি বেসামরিক গাড়ি আগুনে পুড়ে যাচ্ছে।নিহতদের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলে জানা গেছে।ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলেছে, “পুলিশ সদস্যদের লক্ষ্য করে দখলদার বাহিনীর এই জঘন্য হামলা গাজা উপত্যকায় বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টারই প্রমাণ।”একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায় এবং যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যাতে ইসরায়েলি বাহিনী পুলিশ সদস্য, তাদের স্থাপনা ও সম্পদের ওপর পুনরাবৃত্ত হামলা বন্ধ করতে কার্যকর চাপ প্রয়োগ করা হয়।