উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে নরওয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে নিজেদের শক্ত অবস্থান জানান দিল ফ্রান্স। ম্যাচের নায়ক উসমান দেম্বেলে। প্রথমার্ধের মাত্র ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকগুলোর একটির মালিক হন পিএসজি তারকা।এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে ফ্রান্স। শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সুইডেন। অন্যদিকে, হারলেও রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে নরওয়ে। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট।ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে ফ্রান্স। সপ্তম মিনিটে গোলের সূচনা করেন দেম্বেলে। এরপর ২০ মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩২ মিনিটে ব্যক্তিগত তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরাসি উইঙ্গার। তার দ্বিতীয় গোলটি ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত, যেখানে নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিকের কিছুই করার ছিল না।বিশ্বকাপের ইতিহাসে এটি ফ্রান্সের তৃতীয় হ্যাটট্রিক। একই সঙ্গে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকারের দ্রুততম হ্যাটট্রিকের কীর্তিকে পেছনে ফেলে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন দেম্বেলে।হালান্ড ও মার্টিন ওডেগার্ডকে বিশ্রামে রেখে মাঠে নামা নরওয়ে প্রথমার্ধে থেলো আসগার্ডের গোলে ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান আরও কমানোর সুযোগ পান ইয়র্গেন স্ট্রান্ড লারসেন। তবে তার শট সহজেই ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক মাইক মাইনিয়ঁ। সেই সুযোগ হাতছাড়া হওয়ার পর নরওয়ের প্রত্যাবর্তনের আশা কার্যত শেষ হয়ে যায়।যোগ করা সময়ে তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়ের গোল ফ্রান্সের জয়কে আরও উজ্জ্বল করে তোলে। শেষ পর্যন্ত ৪-১ গোলের দাপুটে জয়ে গ্রুপ পর্ব শেষ করে আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে পা রাখে ফরাসিরা।