উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বলিউডের ইতিহাসে অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে অবশেষে মুখ খুলেছেন নির্মাতা রাজকুমার হিরানি। বহুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিশ্চিত করেছেন, ছবিটির সিক্যুয়েল নির্মাণের কাজ চলছে।সম্প্রতি অভিনেতা আমির খান সিক্যুয়েল নিয়ে ইঙ্গিত দেওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। একই সঙ্গে নতুন কোনো চরিত্র যুক্ত হওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে। এমনকি ভিকি কৌশলকে নতুন চরিত্রে দেখা যেতে পারে বলেও আলোচনা শুরু হয়।তবে এসব গুঞ্জন নাকচ করে দিয়েছেন রাজকুমার হিরানি। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবির মূল গল্পের ধারণা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং বর্তমানে চিত্রনাট্য লেখার কাজ চলছে।তিনি বলেন, “আমির খুব প্রাথমিক পর্যায়ের একটি খসড়া পড়েছেন। আমরা সবাই এই প্রকল্প নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে।”‘ফোর ইডিয়টস’ নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা চলছে, সে বিষয়েও স্পষ্ট বক্তব্য দিয়েছেন হিরানি। তিনি বলেন, “আমি নিজেও শুনেছি ছবির নাম নাকি ‘ফোর ইডিয়টস’। কিন্তু এটি পুরোপুরি মিডিয়ার তৈরি একটি গুজব। ছবিতে কোনো চতুর্থ ইডিয়ট থাকছে না।”নির্মাতার ভাষ্য অনুযায়ী, নতুন গল্পটি ‘থ্রি ইডিয়টস’-এর ঘটনার প্রায় ২০ বছর পরের সময়কে কেন্দ্র করে নির্মিত হবে। ফলে দর্শকরা আবারও র্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনযাত্রার নতুন অধ্যায় দেখতে পাবেন।২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন আমির খান, আর. মাধবন, শারমান জোশি, কারিনা কাপুর খান, বোমান ইরানি, মোনা সিং ও আলি ফজল। মুক্তির পর ছবিটি শুধু বক্স অফিসে সাফল্যই পায়নি, বরং ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র হিসেবে স্থান করে নেয়।সিক্যুয়েল নির্মাণের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তবে নির্মাতারা জানিয়েছেন, শক্তিশালী গল্প নিশ্চিত করেই ছবিটি দর্শকদের সামনে নিয়ে আসা হবে।