উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছেন ৬১ জন নবীন কর্মকর্তা। রোববার (২১ জুন) চট্টগ্রামস্থ বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০২৩-বি এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৬-এ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে কমিশন লাভ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কমিশনপ্রাপ্তদের মধ্যে ৫৪ জন মিডশিপম্যান এবং ৭ জন সরাসরি কমিশন্ড কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে ৫ জন নারী ও ২ জন বিদেশি কর্মকর্তা রয়েছেন।অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিভিন্ন পদক প্রদান করা হয়। সকল বিষয়ে সেরা চৌকশ মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ অর্জন করেন মিডশিপম্যান মো. ইনতিসার ইসলাম ইনান। প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জনের জন্য ‘নৌ প্রধান স্বর্ণপদক’ পান মিডশিপম্যান সাদমান সাকিব পান্থ। অন্যদিকে ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক’ লাভ করেন অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মো. আবিদ শাহরিয়ার অনু।নৌবাহিনী প্রধান তার বক্তব্যে বলেন, দেশের সামুদ্রিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী আধুনিকায়নের ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশীয় প্রযুক্তির উন্নয়ন, যুদ্ধজাহাজ নির্মাণ, আধুনিক সামুদ্রিক প্ল্যাটফর্ম সংযোজন এবং উপকূলীয় নজরদারি ব্যবস্থার সম্প্রসারণে নৌবাহিনী কাজ করে যাচ্ছে।তিনি নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, সংসদ সদস্য, তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের সামরিক কূটনীতিক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।