উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইউক্রেনের ড্রোন আবারও রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আঘাত হেনেছে। এ নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ওই স্থাপনায় হামলা হলো বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা করলেও কয়েকটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এর মধ্যে মস্কোর একটি তেল শোধনাগার ও একটি শপিং সেন্টারে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতে বিভিন্ন অঞ্চলে ৫৫৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে প্রায় ২০০টি মস্কোর দিকে আসার সময় ভূপাতিত করা হয়।প্রতিবেদন অনুযায়ী, হামলার ফলে ওই তেল শোধনাগারে আগুন ধরে যায়। এটি মস্কোর জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, যা রাজধানীর প্রায় ৪০ শতাংশ জ্বালানি চাহিদা পূরণ করে।এদিকে, একই সময়ে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও জানা গেছে। এতে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হয়েছে।স্থানীয় প্রশাসন জানিয়েছে, মস্কো অঞ্চলে একটি বহুতল ভবন, একটি শিল্পকারখানা এবং বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মস্কোর প্রধান বিমানবন্দর শেরেমেতিয়েভো সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক হামলা এবং পাল্টা আক্রমণ যুদ্ধকে আরও দীর্ঘ ও জটিল করে তুলছে। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের কাছ থেকে রাজনৈতিক ও সামরিক সমর্থন জোরদারের চেষ্টা করছেন, যাতে যুদ্ধ শেষ করার জন্য চাপ তৈরি করা যায়।