উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজও আদালতে জমা হয়নি। এ নিয়ে আলোচিত এই মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৭তম বারের মতো পেছাল।আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করে আগামী ২২ জুলাই দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।ঘটনার পর রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। প্রথমে থানা-পুলিশ, পরে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং পরবর্তীতে র্যাব তদন্তের দায়িত্ব পায়। সর্বশেষ গত বছরের নভেম্বরে র্যাবের কাছ থেকে নথিপত্র বুঝে নেয় পিবিআই। এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও বহুল আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন এখনো আদালতে জমা না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।