উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় গত এক সপ্তাহে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনায় দুই ভারতীয় সেনা নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। সর্বশেষ বিস্ফোরণের পর সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে এলওসি বরাবর টহল দেওয়ার সময় সর্বশেষ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার সেনাসদস্য আহত হন। আহতদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন।আহত সেনাদের দ্রুত উদ্ধার করে বিমানযোগে উদমপুরে সেনাবাহিনীর কমান্ড হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সর্বশেষ বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ বা প্রকৃতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ভারতীয় সেনাবাহিনী।সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে ঘটে যাওয়া তিনটি বিস্ফোরণই দুর্ঘটনাজনিত ছিল।এর আগে ৯ জুন উরি সেক্টরের কামালকোট এলাকায় এলওসির কাছে একটি গ্রেনেড বিস্ফোরণে দুই সেনাসদস্য নিহত হন। নিহতরা হলেন সোয়ার চাভান বিক্রম বালকৃষ্ণ এবং স্যাপার যাদব অর্জুন রাজেন্দ্র। ওই ঘটনায় আরও কয়েকজন সেনা আহত হন।এ ছাড়া ১২ জুন পুঞ্চ সেক্টরে এলওসির কাছে আরেকটি বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য আহত হন। তবে ওই বিস্ফোরণের প্রকৃতি নিয়েও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।এদিকে গত রোববার পুঞ্চ জেলার মেনধার সেক্টরের বালাকোট এলাকায় এলওসি বরাবর গোলাগুলির ঘটনাও সামনে এসেছে। একই সময়ে রাজৌরি জেলায় সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর সন্ধানে ‘অপারেশন শেরাওয়ালি’ নামে নিরাপত্তা অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় বাহিনী।ধারাবাহিক এসব বিস্ফোরণ ও সীমান্ত উত্তেজনার ঘটনায় জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আবারও আলোচনায় এসেছে।