উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত শান্তিচুক্তি আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি দাবি করেছেন, দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টা ও মধ্যস্থতার ফল হিসেবে এই সমঝোতা সম্ভব হয়েছে এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক থাকবে পাকিস্তান।সোমবার মধ্যরাতে চুক্তির ঘোষণা দেওয়ার পর পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে শেহবাজ শরিফ এ তথ্য জানান।প্রধানমন্ত্রী বলেন, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের অবসান, ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে।শেহবাজের ভাষ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে শুরু হওয়া সংঘাতের পর থেকেই পাকিস্তান শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এ বছরের এপ্রিলের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে প্রথম দফার সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়।যদিও সেই আলোচনা কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছিল, তবে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত ছিল। পরবর্তীতে উভয় পক্ষ একটি শান্তিচুক্তিতে পৌঁছেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে শেহবাজ শরিফ এ ঘটনাকে বিশ্ব শান্তির জন্য একটি “ঐতিহাসিক মাইলফলক” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তিন মাসের বেশি সময় ধরে চলা প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে একমত হয়েছে।তিনি আরও বলেন, “এটি শুধু দুটি দেশের মধ্যে একটি চুক্তি নয়; এটি শান্তি, সংলাপ এবং কূটনীতির বিজয়।”শান্তি প্রক্রিয়ায় সহযোগিতার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।এছাড়া যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ এবং অন্যান্য সহযোগী রাষ্ট্রগুলোর ভূমিকাও প্রশংসা করেন তিনি।শেহবাজ শরিফ বলেন, এই শান্তি উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মর্যাদা অর্জন করেছে এবং ভবিষ্যতে এ অর্জন দেশটির কূটনৈতিক ইতিহাসে বিশেষ স্থান দখল করে থাকবে।সূত্র: দ্য ডন