উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করেছেন জনপ্রিয় রেডিও জকি (আরজে) ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার।রোববার (১৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শাস্তি দেওয়ার আরও অনেক বিকল্প পন্থা ছিল। তার মতে, এই সিদ্ধান্তটি “মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো” চরম পদক্ষেপ হয়ে গেছে।তিনি আরও লিখেছেন, আদ্-দ্বীন ও ইবনে সীনা মতো হাসপাতালগুলো দেশের সাধারণ মানুষের চিকিৎসার গুরুত্বপূর্ণ ভরসাস্থল। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা ব্যয় তুলনামূলক কম হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হয় বলেও দাবি করেন তিনি।এর আগে ১২ জুন স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায়। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানানো হয়।ঘটনাটি ঘটে ২৭ মে, হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে। সেদিন এক থেকে চার দিনের মধ্যে বয়সী ৬ নবজাতকের মৃত্যু হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, ওয়ার্ডে অতিরিক্ত ভিড়, দীর্ঘসময় এসি বন্ধ থাকা এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের অভাবকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়। তদন্ত প্রতিবেদন ৪ জুন প্রকাশ করা হয় এবং এরপরই স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরবর্তীতে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত আসে, যা নিয়ে বিভিন্ন মহলে ভিন্নমত ও আলোচনা তৈরি হয়েছে।