উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্তে ঠেলে পাঠানোর (পুশ ইন) উদ্দেশ্যে জড়ো করে রাখা শতাধিক ব্যক্তিকে শেষ পর্যন্ত অন্যত্র সরিয়ে নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে ওই ব্যক্তিদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন, গত ৩০ ঘণ্টায় ওই সীমান্ত এলাকায় নতুন করে কোনো পুশ ইন চেষ্টা শনাক্ত হয়নি। তাঁর মতে, বিজিবির প্রতিরোধের মুখে সীমান্ত থেকে জড়ো করা ব্যক্তিদের অন্য এলাকায় সরিয়ে নেওয়া হয়।বিজিবি সূত্রে জানা যায়, গত রোববার ভোরে ৭৭ এস-২ নম্বর পিলার এলাকার কাছ দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির বাধার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের পাশের সীমান্ত এলাকা বারাদী-সুলতানপুরে সরিয়ে নেওয়া হয়।এর কয়েক ঘণ্টা পর আরও প্রায় ১২৫ জনকে সীমান্তের ওপারে জড়ো করার খবর পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থান ও বিজিবির কঠোর নজরদারির কারণে শেষ পর্যন্ত তাদেরও অন্যত্র সরিয়ে নেয় বিএসএফ।সীমান্ত এলাকায় যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে ৬ বিজিবি নিয়ন্ত্রিত ১১৩ কিলোমিটার এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কাঁটাতারের বেড়ার বিভিন্ন গেট ও সীমান্ত পথ সবসময় নজরদারির আওতায় রাখা হচ্ছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত থাকলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং নতুন কোনো পুশ ইন চেষ্টা রোধে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।