উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় আওয়ামী লীগের ব্যানারে বের হওয়া একটি মশাল মিছিল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ধাওয়ার মুখে পণ্ড হয়ে গেছে। এ সময় মিছিলকারীরা মিছিল ছেড়ে দ্রুত এলাকা ত্যাগ করে বলে জানা গেছে।রোববার (১৪ জুন) রাত পৌনে ৯টার দিকে শহরের টেপাখোলা গরুর হাট এলাকা থেকে মিছিলটি বের করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি শহরের দিকে অগ্রসর হওয়ার সময় টেপাখোলার সুমন সুইটসের সামনে পৌঁছালে স্থানীয় জনতা এবং বিএনপিপন্থি সংগঠনের নেতাকর্মীরা তাদের বাধা দেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে লাঠিসোঁটা হাতে ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। ফলে মিছিলটি আর এগোতে পারেনি।জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল বলেন, “আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাতে মশাল মিছিল বের করার চেষ্টা করেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নেতাকর্মীরা সেখানে গিয়ে তা প্রতিহত করে।”তিনি আরও বলেন, “ফরিদপুরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।”এদিকে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, মশাল মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা এলাকা ছেড়ে চলে যায়।তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।