উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর বছিলা এলাকায় বুড়িগঙ্গা নদীর সেতুর নিচ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম দ্বীপ মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।রবিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম মরদেহ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, মরদেহের পাশে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পাওয়া গেলেও লাশের অবস্থা বিকৃত থাকায় প্রথমে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্য ও বন্ধুরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ভিত্তিক একটি ফেসবুক গ্রুপে বুড়িগঙ্গা নদী থেকে একটি মরদেহ উদ্ধারের তথ্য প্রকাশ করা হয়। পোস্টে উদ্ধার হওয়া পরিচয়পত্রের ছবিও শেয়ার করা হয়। এরপর বিষয়টি নিয়ে ঢাকা নৌ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, বছিলা সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয়পত্র পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর দুই থেকে তিন দিন পর মরদেহটি নদীতে ভেসে উঠেছে।তিনি আরও জানান, মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।