উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। ব্যাংকের স্বার্থ, আমানতকারীদের স্বার্থ এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।এছাড়া একই আইনের ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংকটির ব্যবস্থাপনা ও তদারকিতে নিয়ন্ত্রক সংস্থার সরাসরি ভূমিকা আরও জোরালো হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তবে পরিচালনা পর্ষদ বাতিলের পেছনে নির্দিষ্ট কোনো কারণ বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক এখনও বিস্তারিত ব্যাখ্যাও দেয়নি।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের পরিচালন কাঠামো, তারল্য পরিস্থিতি এবং গ্রাহকসেবা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও উদ্বেগের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন পরিচালনা পর্ষদ গঠন ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা কাঠামো সম্পর্কে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।