উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় একটি মসজিদে ফজরের নামাজের সময় দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন লোকমান হাকিম (৫৫) ও আলম শেখ (৫৬)। তাদের মধ্যে লোকমান হাকিমের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।রোববার ভোরে বিএল কলেজ রোড এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বিদ্যুৎ বিতরণ বিভাগের কার্যালয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে অবস্থানরত লোকমান হাকিম ও আলম শেখকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে তারা গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। হামলার পরপরই অস্ত্রধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য মুসল্লিরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের পরামর্শে গুরুতর আহত লোকমান হাকিমকে ঢাকায় স্থানান্তর করা হয়। আলম শেখ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।তিনি বলেন, ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় তিন আরোহী বহনকারী একটি মোটরসাইকেল মসজিদের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।