উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দীর্ঘদিন ধরে অবসর সুবিধার অর্থ না পাওয়া প্রায় ৬৫ হাজার শিক্ষকের পাওনা পরিশোধে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। আগামী জুলাই মাস থেকেই ধাপে ধাপে এ অর্থ বিতরণ শুরু হবে।শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যূনতম এক লাখ টাকা করে প্রদান দিয়ে কর্মসূচি শুরু করা হবে। এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে শিক্ষকদের সব বকেয়া সুবিধা পরিশোধ করা হবে।উৎসব ভাতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ। এটি শতভাগে উন্নীত করার প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে। প্রথম ধাপে ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে এবং বাজেট বাস্তবায়নের পর ধাপে ধাপে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।ড. মিলন আরও বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের উল্লেখযোগ্য সংকট রয়েছে। প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আদালতের স্থগিতাদেশের কারণে আটকে আছে। এ বিষয়ে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে প্রায় ৮৩ হাজার ৫০০ মামলার জটিলতায় রয়েছে। এসব মামলা নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। এতে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।