উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের দ্বারা হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, শুক্রবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় তারা অত্যন্ত উদ্বিগ্ন এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।বিসিবির মতে, জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। বোর্ড ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। পাশাপাশি তদন্তে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার খবর পাওয়ার পর থেকেই বিসিবি নাঈম হাসান ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একইসঙ্গে বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।বোর্ড জানায়, খেলোয়াড়দের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনায় পরবর্তী পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে নাঈম হাসানকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাটি দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে।