উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ধর্ষণে সহযোগিতার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।বুধবার (১০ জুন) মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম হানিরপাড় গ্রামের মো. কাইয়ুম মাল (৩৬) এবং একই এলাকার মোসা. তানিয়া আক্তার (২৮)। কাইয়ুম কলাকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১২ অক্টোবর কাইয়ুম মাল ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় তানিয়া আক্তার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে একাধিকবার নির্যাতন করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।মামলার তথ্যমতে, সম্প্রতি পারিবারিকভাবে ভুক্তভোগীর বিয়ে হয়। বিয়ের পর শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসা পরীক্ষায় তিনি ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এরপর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে ধর্ষণের অভিযোগের বিষয়টি সামনে আসে।মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। প্রাথমিক তদন্তে দেখা গেছে, অভিযুক্ত নারী ভুক্তভোগীর ওপর সংঘটিত অপরাধে সহযোগিতা করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।