উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। গত মার্চ মাসে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৯ শিশু বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে আক্রান্ত শিশুদের সংখ্যা ক্রমাগত বাড়ছে।সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ভোলায় সাতজন, বরগুনায় পাঁচজন, ঝালকাঠিতে দুইজন এবং পিরোজপুরে একজন শিশুর মৃত্যু হয়েছে।বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানায়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে মোট ৯ হাজার ১৩৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ৮ হাজার ২৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।ভর্তি হওয়া শিশুদের মধ্যে ২৫০ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ২৫৮ শিশু। এছাড়া পটুয়াখালীতে ২ হাজার ১৩৩, বরিশাল জেলায় ১ হাজার ৩১১, ভোলায় ৮০৯, বরগুনায় ৭৩৩, পিরোজপুরে ৫০৬ এবং ঝালকাঠিতে ৩৮৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হামের সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।