উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন অনুযায়ী, লেবাননের জাওতার আল-শারকিয়াহ এলাকায় ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর দুই কর্মকর্তা আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।আহত কর্মকর্তাদের একজন ইউনিট কমান্ডার, যার পদমর্যাদা লেফটেন্যান্ট কর্নেল। সংঘর্ষের পর গুরুতর আহত এক কর্মকর্তাকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। অন্য ইউনিট কমান্ডারকে কয়েক ঘণ্টা পর চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের সদস্যদের লক্ষ্য করে হিজবুল্লাহর যোদ্ধারা গুলি চালালে সেনারা পাল্টা জবাব দেয়। পরে ওই এলাকায় হিজবুল্লাহ সদস্যদের খোঁজে অভিযান পরিচালনার পাশাপাশি সংগঠনটির বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগে বৃহস্পতিবারও হিজবুল্লাহর পুঁতে রাখা একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর আরেক কর্মকর্তা গুরুতর আহত হন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।সূত্র: টাইমস অব ইসরায়েল