উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Ekramul Karim , Desk Reporter ||
দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের একাধিক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ জুন) দেশের কয়েকটি সীমান্ত দিয়ে ৫০ জনের বেশি ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলেও বিজিবির কঠোর নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপে তা সফল হয়নি।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী সীমান্ত এলাকায় ভোরে ৩৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয় জনগণের উপস্থিতিতে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতের শূন্যরেখা এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।একই সময়ে নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধা দেয়। ফলে তারা ভারতের সীমান্তবর্তী শূন্যরেখা এলাকায় অবস্থান নেয়।অন্যদিকে, পঞ্চগড় সীমান্তেও ১০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। বিজিবির টহল দল তা প্রতিহত করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনরায় ভারতের অংশে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এর আগে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়েও ২৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই প্রচেষ্টাও সফল হয়নি।সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে।