উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Ekramul Karim , Desk Reporter ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। এবার তিনি নিজেকে জনপ্রিয় ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের আদলে উপস্থাপন করে একটি মিম শেয়ার করেছেন, যার ক্যাপশন ছিল ‘ট্রাম্প ০০৭’।নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা ছবিতে ট্রাম্পের তরুণ বয়সের একটি আর্কাইভ ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে তাকে একটি প্যানেলযুক্ত আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে যুক্ত করা হয় ‘ট্রাম্প ০০৭’ শিরোনাম, যা দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।নিজেকে বিভিন্ন ঐতিহাসিক ও জনপ্রিয় ব্যক্তিত্বের সঙ্গে তুলনা করার ঘটনা ট্রাম্পের ক্ষেত্রে নতুন নয়। অতীতে তিনি নিজেকে এলভিস প্রেসলি, স্যার উইনস্টন চার্চিল এবং মাদার তেরেসার সঙ্গে তুলনা করেছেন। সম্প্রতি তিনি নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গেও তুলনা করে বিতর্কের জন্ম দেন।এদিকে নতুন জেমস বন্ড চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে হলিউডে জোর আলোচনা চলছে। বর্তমানে অ্যামাজন এমজিএম স্টুডিও নতুন ০০৭ চরিত্রের জন্য উপযুক্ত অভিনেতা খুঁজছে। ড্যানিয়েল ক্রেইগের বিদায়ের পর এই চরিত্রে কে আসবেন তা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।হোয়াইট হাউসও বিষয়টিকে রসিকতার ছলে গ্রহণ করেছে। সম্প্রতি তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে একটি মিম প্রকাশ করা হয়, যেখানে ট্রাম্পকে টাক্সেডো পরা অবস্থায় এবং হাতে সাইলেন্সারযুক্ত পিস্তল নিয়ে জেমস বন্ডের আদলে দেখানো হয়।ছবিটির নিচে ট্রাম্পের পরিচিত রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ যুক্ত করা হয়েছিল, যা অনলাইনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।নতুন জেমস বন্ড চরিত্রে সম্ভাব্য অভিনেতাদের তালিকায় অ্যারন টেলর-জনসন, টম হল্যান্ড, হ্যারিস ডিকিনসন, জ্যাকব এলর্ডি এবং ক্যালাম টার্নারের নাম শোনা যাচ্ছে। এর আগে শন কনারি, রজার মুর, পিয়ার্স ব্রসনান এবং ড্যানিয়েল ক্রেইগের মতো তারকারা এই আইকনিক চরিত্রে অভিনয় করেছেন।এদিকে স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প আরও একটি পোস্টে নিজেকে একটি বিশাল জনসমাবেশের সামনে দেখিয়ে ‘সর্বশ্রেষ্ঠ আকর্ষণ’ বলে দাবি করেন, যা নিয়েও সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।