উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Ekramul Karim , Desk Reporter ||
দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর ১০টি পৃথক প্রচেষ্টা প্রতিহত করেছে বিজিবি।বিজিবি সদর দপ্তর সূত্রে জানা যায়, ঝিনাইদহ, যশোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিলেট ও নেত্রকোনাসহ বিভিন্ন সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও দলকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এসব প্রচেষ্টা ব্যর্থ হয়।ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের বাধা দেয়। একই এলাকায় বিএসএফ একটি প্রিজন ভ্যানে করে কয়েক ডজন ব্যক্তিকে সীমান্তের কাছে নিয়ে এলেও বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।এদিকে যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্ত, জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর সীমান্ত এবং চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের প্রস্তুতির তথ্য পেয়ে বিজিবি সতর্কতা জোরদার করে। ফলে সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা সফল হয়নি।পঞ্চগড়ের রওশনপুর সীমান্তে একজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানো হলে স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।সিলেট সীমান্তেও দুই ভারতীয় নাগরিককে স্থানীয়দের সহযোগিতায় আটক করে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর নিয়ম অনুযায়ী তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন ও দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যেকোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।