উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Ekramul Karim , Desk Reporter ||
ভারত থেকে কথিত পুশইনের অভিযোগ ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যশোরের বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (৩ জুন) সীমান্ত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে তিনি বেনাপোলে পৌঁছাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতীয় ভূখণ্ডে ১০ থেকে ১২ জনের একটি দল কয়েকদিন ধরে অবস্থান করছে। প্রথমে খোলা মাঠে অবস্থান করলেও পরে তীব্র গরমের কারণে তারা সীমান্তসংলগ্ন একটি আমবাগানে আশ্রয় নেয়। দলটির পরিচয় এবং তাদের মধ্যে নারী-শিশু রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।এদিকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি প্রতিনিধি দল শূন্যরেখায় যায়। তবে বিএসএফের পক্ষ থেকে কোনো প্রতিনিধি উপস্থিত না হওয়ায় বিজিবি সদস্যরা কিছুক্ষণ পর ফিরে আসেন।সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্ত পাহারায় সক্রিয় ভূমিকা পালন করছেন। রঘুনাথপুর ও সাদিপুর গ্রামের বাসিন্দারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি চালাচ্ছেন এবং বিজিবি সদস্যদের সহযোগিতা করছেন।যশোর অঞ্চলের বিজিবি রিজিয়ন কমান্ডার মেজর জেনারেল মাহমুদুল হাসান বলেছেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পুশইন প্রতিহত করতে বিজিবি প্রস্তুত রয়েছে। একইসঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।সফরকালে নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় বাসিন্দা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখেই সীমান্ত-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান হওয়া উচিত।সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইন ইস্যু, বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে বেনাপোল সীমান্ত জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।