উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Ekramul Karim , Desk Reporter ||
দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের ঘাটতির কারণে গরমের তীব্রতা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জুন মাসে দেশে একাধিকবার তাপপ্রবাহ দেখা দিতে পারে।মঙ্গলবার দেশের প্রায় ৪০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। ভ্যাপসা গরম ও উচ্চ আর্দ্রতার কারণে জনজীবনে অস্বস্তি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি বুধবারও অব্যাহত থাকতে পারে।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার তুলনায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে।আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে গরমজনিত অস্বস্তি আরও কিছুদিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে তাপপ্রবাহের মধ্যেও দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বিশেষজ্ঞরা তীব্র গরমের সময় পর্যাপ্ত পানি পান, প্রয়োজন ছাড়া দীর্ঘসময় রোদে অবস্থান না করা এবং শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।