উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৭০ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গ্রেফতারদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ শাখার সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ। তিনি জানান, সোমবার নগরীতে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সিএমপির ১৬টি থানার সমন্বিত অভিযানে এ পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।তিনি আরও বলেন, অভিযানে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এর আগে সোমবার সকালে নগরের জিইসি মোড় এলাকায় হঠাৎ করে মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত হয়। ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিলটি জিইসি মোড়ের দিকে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি দুই নম্বর গেট এলাকার আশপাশ থেকে শুরু হয়েছিল এবং ব্যানারে ‘এমইএস কলেজ ছাত্রলীগ’ লেখা ছিল।