উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে ঘিরে ঋণখেলাপি সংক্রান্ত আলোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, খুরশীদ আলম ব্যক্তিগতভাবে ঋণখেলাপি নন। তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হলেও চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে এর কোনো আইনি বাধা নেই।মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, অনুসন্ধানে জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে তিন কোটি টাকা ঋণ নেওয়া একটি প্রতিষ্ঠানের যৌথ মালিক খুরশীদ আলমের স্ত্রী। পরবর্তীতে ওই ঋণ খেলাপিতে পরিণত হয়েছে।আরিফ হোসেন খান বলেন, “এ কারণে খুরশীদ আলমকে ঋণখেলাপি বলা সঠিক নয়। তার স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হলেও তিনি ব্যক্তিগতভাবে ঋণখেলাপি নন। ফলে চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।”খুরশীদ আলমকে ঘিরে অতীতে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়েও কথা বলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তিনি দাবি করেন, সে সময় তার বিরুদ্ধে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল এবং যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা যথাযথ ছিল না। পরবর্তীতে তিনি নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নর পদে পদোন্নতি পেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ প্রসঙ্গে আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংক তাদের সিদ্ধান্তকে সঠিক মনে করে এবং কোনো ধরনের আন্দোলন বা চাপের মুখে সেই সিদ্ধান্ত পরিবর্তনের পরিকল্পনা নেই।