উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার এবং স্পেনের বিশ্বকাপজয়ী তারকা আন্দ্রেস ইনিয়েস্তা নতুন অধ্যায় শুরু করেছেন কোচ হিসেবে। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর দুই বছর পর সংযুক্ত আরব আমিরাতের ক্লাব গালফ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।এটাই ইনিয়েস্তার কোচিং ক্যারিয়ারের প্রথম দায়িত্ব। নিয়োগের পর প্রতিক্রিয়ায় স্প্যানিশ কিংবদন্তি বলেন, কোচ হিসেবে পথচলা শুরুর জন্য গালফ ইউনাইটেডকে তিনি আদর্শ জায়গা মনে করেন। ইনিয়েস্তা বলেন, “ফুটবল আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে। এখন কোচিংয়ের মাধ্যমে আমি সেই খেলাকে কিছু ফিরিয়ে দিতে চাই। তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই, যারা উন্নতি করতে চায় এবং বড় স্বপ্ন দেখে।”তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি ধৈর্য, সুস্পষ্ট ফুটবল দর্শন এবং খেলোয়াড়দের প্রতি আন্তরিক যত্নই একজন ফুটবলারের উন্নয়নের মূল চাবিকাঠি। গালফ ইউনাইটেডও একই দর্শনে বিশ্বাস করে, আর সে কারণেই আমি এই ক্লাবে যোগ দিয়েছি।” ৪২ বছর বয়সী ইনিয়েস্তা জানান, কোচিংয়ের পাশাপাশি তিনি প্রো লাইসেন্স অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।২০১৯ সালে প্রতিষ্ঠিত গালফ ইউনাইটেড বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় স্তরের লিগে অংশ নেয়। ২০২৫-২৬ মৌসুমে দলটি লিগ টেবিলের দশম স্থানে থেকে মৌসুম শেষ করে।২০২৪ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন ইনিয়েস্তা। ক্যারিয়ারের শেষ দিকে তিনি সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্লাবের হয়ে খেলেছিলেন।বার্সেলোনার জার্সিতে ইনিয়েস্তা চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, নয়টি লা লিগা শিরোপাসহ অসংখ্য দেশীয় ও আন্তর্জাতিক ট্রফি জিতেছেন। জাতীয় দলের হয়েও তার অর্জন অসাধারণ। স্পেনের হয়ে দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১০ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে অতিরিক্ত সময়ে করা তার একমাত্র গোলই স্পেনকে এনে দেয় ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা।