উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান জোরদার হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দুই শতাংশের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার (১ জুন) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল (ডব্লিউটিআই) ফিউচারের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩৭ ডলার বা ২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক শান্তি আলোচনার পরও ইসরায়েল-লেবানন সীমান্তে সংঘাত অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এ অঞ্চলে উত্তেজনা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, যা মূল্যবৃদ্ধির চাপ আরও বাড়াবে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে হয়ে থাকে। ফলে এ অঞ্চলের যেকোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে।অন্যদিকে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে শিল্প উৎপাদন ও রপ্তানি খাতে কিছুটা ধীরগতি দেখা গেলেও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা বর্তমানে বাজারে বেশি প্রভাব ফেলছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী অবস্থানেই রয়েছে।সূত্র: রয়টার্স