উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে আয়োজনের লক্ষ্যে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি সংক্রান্ত তথ্য এবং প্রশ্নপত্র গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিস্তারিত তথ্য বোর্ডে পাঠাতে বলা হয়েছে। সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সব পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ক্যামেরার DVR/NVR-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে। পাশাপাশি ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত শিক্ষক, কর্মচারী ও ট্যাগ অফিসারদের তথ্য জরুরি ভিত্তিতে বোর্ডে পাঠাতে হবে। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আগামী ৮ জুনের মধ্যে [controller@dhakaeducationboard.gov.bd](mailto:controller@dhakaeducationboard.gov.bd) ই-মেইল ঠিকানায় প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।বোর্ড যেসব তথ্য চেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে— সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নম্বর এবং প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী ও ট্যাগ অফিসারদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর।এদিকে পৃথক আরেক বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিলম্ব ফিসহ এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ১৫ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখও ১৬ জুন নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।