উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Ekramul Karim , Desk Reporter ||
বিশ্বকাপ শিরোপাধারী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। রোববার (৩১ মে) মিসৌরিতে অবতরণ করে লিওনেল স্কালোনির দল।বুয়েনস আয়ার্সের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৫ হাজার মাইল দূরত্ব অতিক্রম করে প্রায় ১১ ঘণ্টার ফ্লাইট শেষে দলটি যুক্তরাষ্ট্রের মিসৌরিতে পৌঁছায়। আর্জেন্টিনার জাতীয় বিমান সংস্থার চার্টার ফ্লাইটটির নম্বর ছিল ১৯৭৮, যা তাদের প্রথম বিশ্বকাপ জয়ের স্মরণে রাখা হয়েছে।দলকে বহনকারী এয়ারবাস A330 বিমানটিতে বিশেষ ডিজাইন ছিল। বিমানের লেজে আর্জেন্টিনার নীল-সাদা রঙের সঙ্গে স্থান পায় লিওনেল মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি এবং তিনটি বিশ্বকাপ শিরোপার প্রতীক হিসেবে তিনটি সোনালি তারকা।ক্যানসাস সিটি অঞ্চলে বিশ্বকাপের জন্য ঘাঁটি গাড়া চারটি দলের মধ্যে সবার আগে পৌঁছায় আর্জেন্টিনা। নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও আলজেরিয়া পরবর্তী সময়ে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।বিমান থেকে নেমে খেলোয়াড় ও কর্মকর্তারা সরাসরি বাসে করে হোটেলের উদ্দেশে রওনা হন। এ সময় রাস্তার দুই পাশে অসংখ্য ভক্ত জড়ো হয়ে মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে স্লোগান দেন। উচ্ছ্বাসে ফেটে পড়ে সমর্থকরা, কেউ কেউ নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন।দলটির নিরাপত্তার জন্য মিসৌরির ডাউনটাউন ক্যানসাস সিটির কাছে অবস্থিত অরিজিন হোটেলের চারপাশে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। হোটেলের ভেতর ও বাইরে আর্জেন্টিনা দলের পোস্টার, ব্যানার ও ফুটবলারদের বড় বড় ছবি দিয়ে সাজানো হয়েছে।রোববার হালকা অনুশীলনের পরিকল্পনা থাকলেও মূলত খেলোয়াড়রা জিম সেশনেই অংশ নেন। সোমবার স্পোর্টিং ক্যানসাস সিটির ট্রেনিং সেন্টারে দলটি প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন করবে।বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে—শনিবার টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং তিন দিন পর আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে।কোচ লিওনেল স্কালোনি ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে আছেন লিওনেল মেসি। আগামী এক মাসের মধ্যে তার বয়স হবে ৩৯ বছর। কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ জন সদস্যও এবার দলে আছেন।এবারের আসর মেসির জন্য ষষ্ঠ বিশ্বকাপ। এর আগে তিনি জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া ও কাতার বিশ্বকাপে অংশ নিয়েছেন।সূত্র: ইয়াহু নিউজ