উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।শনিবার (৩০ মে) রাতের দিকে প্রায় ৪ মিনিট ৪ সেকেন্ড দৈর্ঘ্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, অডিওতে শোনা বক্তব্য পেশাগত আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে প্রাথমিকভাবে মনে হওয়ায় ওসি আবুল হাশেমকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি আবুল হাশেম। তিনি দাবি করেন, ভাইরাল হওয়া অডিও সম্পর্কে তার কোনো ধারণা নেই। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ডিপফেইক প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, অবৈধ কোনো সুবিধা না পাওয়ায় একটি স্বার্থান্বেষী মহল তাকে হেয়প্রতিপন্ন ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।ভাইরাল অডিওতে একজন ব্যক্তিকে পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’ এবং বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি ও খরচের প্রসঙ্গ তুলে বক্তব্য দিতে শোনা যায়। এছাড়া সেখানে পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় বজায় রাখা, অধিকার নিশ্চিত করা এবং কাউকে বঞ্চিত না করার বিষয়েও মন্তব্য করা হয়েছে। অডিওটির সত্যতা এবং এতে ব্যবহৃত কণ্ঠস্বরের উৎস যাচাইয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।