উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।শনিবার (৩০ মে) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা এলাকার দারুল আমান মহল্লার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন বেবি (৬৫) ও তার নাতি শামীম (১২)।বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে নানি বেবি ও নাতি শামীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের আরেক শিশু সদস্য মোস্তাকিম এখনও নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বেবির মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে শিশুদের বাবা রফিকুল ইসলামকে পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের মধ্যে সন্দেহ রয়েছে, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের ডাকা হয়েছে। আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।