উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
প্রয়োজনে পারস্য উপসাগর অঞ্চলে পুনরায় সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি দাবি করেন, সংঘাতের শুরুর সময়ের তুলনায় বর্তমানে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর অবস্থান আরও শক্তিশালী।শনিবার (৩০ মে) সিঙ্গাপুর সফরকালে দেওয়া বক্তব্যে হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেন। তবে পরিস্থিতির প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র যেকোনো সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান লক্ষ্য হলো ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। এই অবস্থান থেকে যুক্তরাষ্ট্র একচুলও সরে আসেনি। যদি আবার সংঘাত শুরু হয়, তাহলে তা মোকাবিলায় আমরা পুরোপুরি প্রস্তুত।”ইরানের সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি দাবি করেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং তেহরান যুক্তরাষ্ট্রের অবস্থান ও শর্তগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করছে। হরমুজ প্রণালি নিয়ে মন্তব্য করতে গিয়ে হেগসেথ বলেন, ইরান ওই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে আছে বলে দাবি করলেও বাস্তবতা ভিন্ন। তার ভাষ্য, “হরমুজ প্রণালির কার্যকর নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে।”এর আগে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এও একই ধরনের বক্তব্য দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তিনি বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো শান্তিচুক্তির মাধ্যমে দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির পথ স্থায়ীভাবে বন্ধ নিশ্চিত করতে চায় ওয়াশিংটন।তিনি আরও সতর্ক করে বলেন, ইরান যদি গ্রহণযোগ্য কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তাদের যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মুখোমুখি হতে হতে পারে। সেই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মার্কিন বাহিনীর কাছে পর্যাপ্ত সামরিক সক্ষমতা ও অস্ত্র মজুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।সূত্র: সিএনএন