উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেছেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক খাত থেকে প্রায় ছয় লাখ কোটি টাকা বের করে নেওয়া হয়েছে।শনিবার (৩০ মে) কুমিল্লার বরুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, “আমাদের সরকার দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাস হয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখনও চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। ব্যাংকগুলোতে পর্যাপ্ত অর্থ নেই। আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। এগুলো জনগণের টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১৮ থেকে ১৯ ঘণ্টা কাজ করছেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য।”তিনি দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।বরুড়ার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চারটি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের জীবন সদস্য মোয়াজ্জেম হোসেন কল্লোল জানান, মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ হাজার মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। যাদের অস্ত্রোপচার প্রয়োজন, তাদেরও বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেওয়া হবে। এছাড়া সুন্নাতে খৎনা কার্যক্রম আগামী সাত দিন চলবে। তিনি আরও জানান, বরুড়া পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।