উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, মৃত শিশুদের মধ্যে ৪৭২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৮৮ জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছে।একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯৩৩ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮৫ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রামে ১৬৬ জন, বরিশালে ১৪০ জন এবং খুলনা বিভাগে ৯৮ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১০৩ জন শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর গত ৭৩ দিনে সারাদেশে মোট ৬৭ হাজার ৭৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৪৬৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৮৩৪ জনের শরীরে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৯ হাজার ৯০৩ জন।