উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘রকস্টার’ নিয়ে শেষ মুহূর্তে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শাকিব খান অভিনীত সিনেমাটি মুক্তির আগেই স্টার সিনেপ্লেক্সে প্রদর্শনী নিয়ে দেখা দিয়েছে জটিলতা। একই সমস্যায় পড়েছে ঈদের আরেক সিনেমা ‘মাসুদ রানা’ও।বুধবার (২৭ মে) স্টার সিনেপ্লেক্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’ সিনেমার কনটেন্ট ফাইল এখনো তাদের হাতে পৌঁছায়নি। ফলে সিনেমা দুটির শো টাইম প্রকাশ কিংবা অগ্রিম টিকিট বিক্রি শুরু করা সম্ভব হচ্ছে না।বিজ্ঞপ্তিতে দর্শকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলা হয়, পরবর্তী আপডেটের জন্য স্টার সিনেপ্লেক্সের অফিসিয়াল প্ল্যাটফর্মে নজর রাখতে।ঈদের ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতিতে দর্শকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিশেষ করে শাকিব খান অভিনীত ‘রকস্টার’ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। অনেকেই আগাম টিকিট কেনার অপেক্ষায় ছিলেন। তবে কনটেন্ট ফাইল জটিলতায় আপাতত সেই পরিকল্পনায় ভাটা পড়েছে।সিনেপ্রেমীদের একাংশের মতে, মুক্তির আগে সিনেমার ফাইল সময়মতো সরবরাহ না হওয়া প্রযোজনা ও পরিবেশনা সংশ্লিষ্টদের বড় ধরনের সমন্বয়হীনতার ইঙ্গিত দেয়। আবার কেউ কেউ স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করছেন।উল্লেখ্য, এর আগেই স্টার সিনেপ্লেক্স তাদের প্ল্যাটফর্মে ‘রকস্টার’-এর পোস্টার প্রকাশ করে জানিয়েছিল, ঈদুল আজহায় সিনেমাটি তাদের পর্দায় প্রদর্শিত হবে। আজমান রুশো পরিচালিত সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশাও ছিল বেশ উচ্চ।তবে দ্রুত জটিলতার সমাধান না হলে ঈদের জমজমাট মৌসুমে সিনেমা দুটি দর্শক হারানোর শঙ্কায় পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।