উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
সাভারে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। মামলার আরও দুই আসামি পলাতক রয়েছে। গ্রেফতাররা হলেন সাইফুল ইসলাম রানা (৩৬), মজিবর রহমান (৪৮) এবং মেহেদী নামে ১৬ বছর বয়সী এক কিশোর। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাকিব (২০) ও অজ্ঞাত আরও একজন। ভুক্তভোগীর মা বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা সবাই ভুক্তভোগীর প্রতিবেশী এবং প্রধান আসামি রানা দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন মিলে গৃহবধূর কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করা হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। পরিবারের সদস্যদের দাবি, ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে টানা কয়েকদিন ধরে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার সন্ধ্যায় অভিযুক্ত রানা বাসায় ফিরলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করা হয়। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ভুক্তভোগী ও তার পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী মামলাটি রেকর্ড করা হয়েছে।