উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটদের তালিকায় আবারও লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফোর্বস সাময়িকীর প্রকাশিত সর্বশেষ তালিকায় টানা চতুর্থবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন পর্তুগিজ এই ফুটবল তারকা।ফোর্বসের তথ্যমতে, গত ১২ মাসে রোনালদোর মোট আয় দাঁড়িয়েছে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই আয়ের দিক থেকে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। তার আয় ১৭০ মিলিয়ন ডলার। আর ১৪০ মিলিয়ন ডলার আয় নিয়ে তৃতীয় স্থানে আছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।ফোর্বস খেলোয়াড়দের মাঠের বেতন, বোনাস ও প্রাইজমানির পাশাপাশি বিজ্ঞাপন, স্পন্সরশিপ ও ব্যবসায়িক আয় হিসাব করে এ তালিকা প্রকাশ করেছে।তালিকার চতুর্থ স্থানে আছেন এনবিএ তারকা লেব্রন জেমস। তার আয় ১৩৭ দশমিক ৮ মিলিয়ন ডলার। পঞ্চম স্থানে থাকা জাপানি বেসবল তারকা শোহেই ওহতানির আয় ১২৭ দশমিক ৬ মিলিয়ন ডলার।এ ছাড়া তালিকায় জায়গা পেয়েছেন প্যাট্রিক মাহোমস, জেক পল ও ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনারের মতো জনপ্রিয় ক্রীড়াবিদরাও। ফোর্বস জানিয়েছে, গত এক বছরে বিশ্বের শীর্ষ ৫০ অ্যাথলেট সম্মিলিতভাবে প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন ডলার আয় করেছেন।