উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমঝোতা আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন দুই দেশের কর্মকর্তারা। সম্ভাব্য যুদ্ধবিরতি ও নতুন চুক্তিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে আলোচনা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে সম্ভাব্য চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে। এ সময় হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে এবং সেখানে জাহাজ চলাচলে কোনো টোল নেওয়া হবে না। একই সঙ্গে প্রণালিতে পেতে রাখা মাইন অপসারণ করবে ইরান।সম্ভাব্য চুক্তির আওতায় ইরানের বন্দরগুলোর ওপর থাকা অবরোধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটির জ্বালানি তেলের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞাও প্রত্যাহার বা শিথিল করা হতে পারে।চুক্তিতে ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে জানা গেছে।এ ছাড়া দীর্ঘদিন অবরুদ্ধ থাকা ইরানের কিছু আন্তর্জাতিক তহবিল ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। যুদ্ধবিরতির সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি বজায় থাকলেও চূড়ান্ত চুক্তির পর সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।