উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। রোববার পল্লবী থানার নারী ও শিশু জিআর শাখায় তদন্ত কর্মকর্তা এ অভিযোগপত্র দাখিল করেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগপত্র জমার পর মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে।এর আগে গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। জবানবন্দিতে তিনি শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন। একইদিন তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।গত ১৯ মে পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। পরে শিশুটির বাবা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠন দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছে। রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়েছে। ডিএমপির মুখপাত্র উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।