চলমান সংঘাতের মধ্যে ইরানকে মানবিক সহায়তা পাঠিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ১৩ টন জরুরি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ নিয়ে রাশিয়ার একটি বিশেষ বিমান ইতোমধ্যে গন্তব্যে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের হাসপাতালগুলোতে দেখা দেওয়া সংকট মোকাবিলায় এই সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে মস্কো।
রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের একটি আইএল–৭৬ কার্গো বিমান ত্রাণসামগ্রী নিয়ে আজারবাইজানে অবতরণ করে। সেখান থেকে সড়কপথে এসব চিকিৎসা সরঞ্জাম ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের অনুরোধের ভিত্তিতেই এই জরুরি সহায়তা পাঠানো হয়েছে। টানা বোমাবর্ষণ ও হতাহতের ঘটনায় ইরানের চিকিৎসা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে।
যুদ্ধের কারণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় নৌ চলাচল ব্যাহত হলেও আজারবাইজানের মধ্য দিয়ে যাওয়া স্থলপথটি বর্তমানে ইরানের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।








