ইসরায়েলকে সহায়তার অভিযোগ তুলে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এই সতর্কবার্তা দিয়েছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে সংঘাত শুরু করেছে, তাতে কিয়েভ কার্যত একটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে।
ইব্রাহিম আজিজির দাবি, ইসরায়েলকে ড্রোন সহায়তা এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে ইউক্রেন এই সংঘাতে জড়িয়ে পড়েছে। তিনি বলেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার ব্যবহার করে ইরান প্রয়োজনে ইউক্রেনের যেকোনো স্থানে হামলা চালাতে পারে। একই সঙ্গে তিনি বর্তমান ইউক্রেন সরকারকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলেও মন্তব্য করেন।
এদিকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সহায়তার আগ্রহ দেখিয়েছেন। তার দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষায় সহায়তার জন্য ওয়াশিংটন কিয়েভের কাছে সাহায্য চেয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কিছু আঞ্চলিক অংশীদারও ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহযোগিতা কামনা করেছে বলে তিনি উল্লেখ করেন।
জেলেনস্কি জানান, কিয়েভে তৈরি ড্রোন প্রতিরোধী প্রযুক্তি এবং অভিজ্ঞ অ্যান্টি-এয়ারক্রাফট দল মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান কিছুটা ভিন্ন। শুরুতে তিনি আন্তর্জাতিক সহযোগিতার পক্ষে মত দিলেও পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কির প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ট্রাম্প বলেন, ড্রোন প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের কারও সহায়তার প্রয়োজন নেই, কারণ এই প্রযুক্তিতে আমেরিকাই বিশ্বের সেরা।
সূত্র: আরটি।








