Editorial News 24

প্রশ্নফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স নীতি: শিক্ষামন্ত্রী

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) সদস্যদের সঙ্গে ইফতার-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার পবিত্রতা বজায় রাখতে এবার মাঠপর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করা হবে এবং সব শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন করা একটি বড় চ্যালেঞ্জ। অতীতে যেমন সফলভাবে তা করা সম্ভব হয়েছে, এবারও সেই ধারা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রশ্নফাঁসের অপচেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তিনি নিজেও মাঠপর্যায়ে গিয়ে পরীক্ষার নিরাপত্তা তদারকি করবেন।

দেশজুড়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সব শিক্ষার্থীর জন্য একই মানদণ্ড থাকা উচিত। বিশ্বের অনেক বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত হয়। সেই অভিজ্ঞতার আলোকে আগামী বছর থেকে এ পদ্ধতি চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

মন্ত্রণালয়কে নিজের ‘ইবাদতখানা’ উল্লেখ করে আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী ১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে এমন একটি ভিত্তি গড়ে তুলতে চান, যা দীর্ঘমেয়াদে শিক্ষা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) ও শিক্ষা বোর্ডের সমন্বয়ে তিন স্তরের যাচাই-বাছাই প্রক্রিয়া চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

নিয়োগের ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা নিয়ে বিতর্ক প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিগত ১৫–১৭ বছরে রাজনৈতিক কারণে বঞ্চিত শিক্ষকদের সুযোগ করে দিতেই এই পুনর্নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জনকে তিনি নিজের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে ইরাব সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, সহ-সভাপতি শাহেদ মতিউর রহমান, যুগ্ম সম্পাদক আসিফ হাসান কাজল, অর্থ সম্পাদক নাজিউর রহমান সোহেলসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন