লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা শুক্রবার দক্ষিণ লেবানন থেকে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, হামলাটি নতুন স্থাপিত ব্লাত সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
হিজবুল্লাহ জানায়, এই হামলা ‘আল-কুদস ডে অপারেশন’-এর অংশ হিসেবে চালানো হয়েছে। প্রতি বছর ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে কুদস ডে পালন করা হয়।
এর আগে বৃহস্পতিবার ইরানও ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, এ হামলা হিজবুল্লাহর সঙ্গে সমন্বিত যৌথ অভিযানের অংশ ছিল।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। যদিও কিছু এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এদিকে হিজবুল্লাহ আরও দাবি করেছে, তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত গ্লিলট সামরিক ঘাঁটিকেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই এলাকায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর সদরদপ্তর অবস্থিত।








