ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্বামীর সঙ্গে তিনিও নিহত হয়েছেন।
ইরানি বার্তা সংস্থা ফার্স বৃহস্পতিবার (১২ মার্চ) জানায়, হামলায় তিনি গুরুতর আহত হলেও বেঁচে আছেন। তার মৃত্যুর যে খবর ছড়িয়েছিল, তা সঠিক নয়।
এর আগে কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, হামলায় প্রাপ্ত আঘাতে তিনি মারা গেছেন। এমনকি আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছিল, তিনি কোমায় রয়েছেন। পরে ফার্স নিউজ জানায়, প্রাথমিক তথ্যের ভুল ব্যাখ্যার কারণেই মৃত্যুর গুঞ্জন ছড়ায়।
বৃহস্পতিবার আবারও তার মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠে, কারণ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম প্রকাশ্য বক্তব্যে মায়ের বিষয়ে কিছু উল্লেখ করেননি।
মাশহাদে এক শিয়া পরিবারে জন্ম নেওয়া মনসুরেহ বাগেরজাদেহ ১৯৬৪ সালে ১৭ বছর বয়সে আলী খামেনিকে বিয়ে করেন। তাদের ছয় সন্তান রয়েছে। রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও নানা অনিশ্চয়তার সময়ে স্ত্রীর সমর্থনের কথা খামেনি অতীতে একাধিকবার উল্লেখ করেছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তেহরানে তার বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় আলী খামেনি নিহত হয়েছেন বলে জানানো হয়।
সূত্র: এনডিটিভি








