মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানোর জন্য ইরাকের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া’ আল-সুদানী। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন।
ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, আল-সুদানি জোর দিয়ে বলেছেন, ইরাকের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা যেন কোনো প্রতিবেশী দেশ বা আঞ্চলিক লক্ষ্যবস্তুতে সামরিক হামলার জন্য ব্যবহার করা না হয়। তিনি কোনো পক্ষের মাধ্যমে ইরাককে সংঘাতে টেনে আনার প্রচেষ্টা ও আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও প্রত্যাখ্যান করেছেন।
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর বিভিন্ন দিকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরাকের আকাশসীমা অতিক্রম করতে দেখা গেছে। সংঘাতের শুরু থেকে ইরাক পরোক্ষভাবে এতে জড়িত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর পাল্টা হিসেবে ওই গোষ্ঠীগুলো ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে।
সূত্র: আল-জাজিরা








